টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর উত্তর পাশে ট্রাক থামিয়ে বিএনপির দুই নেতার নির্দেশে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
জেলা ট্রাক মালিক সমিতির রশিদ ব্যবহার করে প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক যানবাহনচালক।
শুক্রবার (১৩ নভেম্বর) সড়কে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, আজগানা ইউনিয়নের বেলতৈল শেখের চালা গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল এবং একই গ্রামের ছুরত আলীর ছেলে ইউসুফ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর প্রায় ৩০০ গজ উত্তরে চেয়ার বসিয়ে যানবাহন থামান। এ সময় তাঁরা ‘টাঙ্গাইল জেলা মালিক সমিতির’ রশিদ দিয়ে প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা আদায় করেন। অনেক চালকের কাছ থেকে রশিদ ছাড়াও টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
একাধিক ট্রাকচালক জানান, হাটুভাঙ্গা সেতুর উত্তর পাশে দুজন ব্যক্তি ট্রাক থামিয়ে জেলা ট্রাক মালিক সমিতির রশিদ দিয়ে ১০০ টাকা করে আদায় করছেন। এর আগে ওই স্থানে কোনো টাকা নেওয়া হতো না। টাকা দিতে আপত্তি জানালে আদায়কারীরা চালকদের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ তাদের। সরকারি সড়কে হঠাৎ টাকা আদায়কে অন্যায় বলে মনে করেন তাঁরা।
এদিকে, সরেজমিনে টাকা আদায়ের সময় সোহেল ও ইউসুফের কাছে এর কারণ জানতে চান স্থানীয় এক সংবাদকর্মী। এ সময় সোহেল জানান, এলাকার কোটিপতি লাল মিয়া ও কবীর সিকদারের নির্দেশে তাঁরা টাকা আদায় করছেন। পরে তাঁরা সংবাদকর্মীকে হাটুভাঙ্গা সমিতির কার্যালয়ে যেতে বলে সড়ক থেকে চেয়ার অটোরিকশায় তুলে চলে যান।
আজগানা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও গোড়াই-হাটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক লাল মিয়া ওরফে কোটিপতি লাল মিয়া মুঠোফোনে বলেন, জেলা থেকে ট্রাক মালিক সমিতির কমিটি দেওয়া হয়েছে। কার্যালয়ের খরচের জন্য সেখান থেকে টাকা তোলা হয়েছে। নিয়ম মেনেই বৈধভাবে টাকা নেওয়া হচ্ছিল। এ সময় তিনি এই প্রতিবেদককে তার সঙ্গে দেখা করতে বলেন।
আজগানা ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও গোড়াই-হাটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কবীর সিকদার বলেন, টাকা আদায়ের বিষয়টি তাঁর জানা ছিল না। জানার পরপরই তা বন্ধ করে দেওয়া হয়েছে।
আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গণি বোখারী বলেন, তার ইউনিয়নে বিএনপির কোনো নেতা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তা প্রমাণিত হওয়ার পর উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী বলেন, সড়কে টাকা আদায়ের বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। সড়কে চাঁদা আদায়ের কোন সুযোগ নেই। তারপরও এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

