পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪
পদ্মা সেতু দক্ষিণ। ছবি: আমার দেশ

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহনে হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের এক কর্মচারীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মীর, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মো. জাহাঙ্গীর হোসেন এবং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রিপন সরদার।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তাজেল মাদবর জাজিরা উপজেলার ওছিমুদ্দিন মাদবরকান্দি এলাকার মৃত আব্দুস ছাত্তার মাদবরের ছেলে। মিজানুর রহমান মীর শরীয়তপুর সদর উপজেলার বাহের চন্দ্রপুর এলাকার মৃত মীর মোহাম্মদ আলীর ছেলে। রিপন সরদার একই উপজেলার কীর্তিনগর এলাকার মৃত হাজী আব্দুল হালিম সরদারের ছেলে। তিনি আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চন্দ্রপুর ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য।

অন্যদিকে, জাহাঙ্গীর হোসেন সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের ছেলে। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী হওয়ার পাশাপাশি চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। একপর্যায়ে তাঁরা টোলপ্লাজার সামনে দিয়ে চলাচলকারী কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালান। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। ভিডিওতে টোলপ্লাজার সামনে লোকজনের অবস্থান, সড়ক অবরোধ এবং যানবাহনে হামলা-ভাঙচুরের দৃশ্য দেখা যায়। এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। এতে পদ্মা সেতুর উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন সেতু ব্যবহারকারী যাত্রীরা।

এ ঘটনায় ১২ নভেম্বর সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তার চারজনই মামলার এজাহারনামীয় আসামি।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, গত ৯ নভেম্বর রাতে টোলপ্লাজা এলাকায় সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। একই দিন রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...