আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় খানসামা মডেল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় খানসামা মডেল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের প্রকাশ্যে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খানসামা মডেল প্রেসক্লাব।

বিজ্ঞাপন

গত শনিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলেন রাশেদ খান। পত্রিকাটিতে প্রকাশিত তাঁর দুটি প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ ঘটনা ঘটান। এ সময় পত্রিকাটি ও এর সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়ে আক্রমণাত্মক ভাষা ব্যবহারসহ বিদ্বেষমূলক মন্তব্য করেন তিনি।

রোববার বিকেলে এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান খানসামা মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

বিবৃতিতে তাঁরা বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে প্রকাশ্যে সংবাদপত্র ছিঁড়ে ফেলার দৃশ্য ভিডিও করে প্রচার করা অত্যন্ত নিন্দনীয় ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়।

তাঁরা আরও বলেন, কোনো সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন নিয়ে আপত্তি থাকলে তথ্য-প্রমাণ দিয়ে তা খণ্ডন, প্রতিবাদলিপি পাঠানো, প্রেস কাউন্সিলের দ্বারস্থ হওয়া কিংবা প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদপত্র ছিঁড়ে ফেলা কিংবা সম্পাদককে লক্ষ্য করে আক্রমণাত্মক বক্তব্য দেওয়া দায়িত্বশীল প্রতিবাদের ভাষা হতে পারে না।

বিবৃতিতে অতীতের বিভিন্ন সময়ে সংবাদপত্র ছিঁড়ে ফেলা, পত্রিকায় আগুন দেওয়া ও সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলার মতো ঘটনার কথা উল্লেখ করে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি।

খানসামা মডেল প্রেসক্লাবের সংবাদকর্মীরা সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান। তাঁরা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। কোনো প্রতিবেদনে ভুল থাকলে তা যুক্তি, তথ্য ও প্রমাণের মাধ্যমে মোকাবিলা করতে হবে, অবমাননাকর আচরণের মাধ্যমে নয়।

বিবৃতিতে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান খানসামা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...