চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ছয় নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন জেলা শহর থেকে নাশকতা মামলায় ছাত্রলীগের সাবেক এক নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া বাজার এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকান থেকে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মারধরের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ নাহিম জ্যামিকে চিকিৎসা শেষে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং সাবেক ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু (৫৫), আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম (৪২), আমানত আলী (৩৭), মিনারুল ইসলাম (৫০), লালু (৪৫), আজিজুল হক (৬৪) ও আসমত উল্লাহ (৪০)। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রাশেদ নাহিম জ্যামিকে (৩৯)।
আলমডাঙ্গা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) কুশল বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাংবাড়ীয়া এলাকার একটি চায়ের দোকানে বসে গোপন বৈঠক করছেন—এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলেই তাদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে কয়েকজনের মারধরে জ্যামি আহত হন। পরে স্বজনেরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি নাশকতা মামলার আসামি ছিলেন। তাকেও আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

