প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সরকারের অবস্থান জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, রাশেদ খান সরকারি পদে থেকেই তার ব্যাখ্যা দিয়েছেন। এ বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাইলে পরে জানাবে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ভূমিকা ও তার বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিজের ব্যাখ্যা দিয়েছেন। তার সেই ব্যাখ্যা একাধিকবার প্রকাশ্যে এসেছে।
তিনি বলেন, রাশেদ খান সরকারি পদে থেকেই ব্যাখ্যা দিয়েছেন। তবে তার বক্তব্যকে সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা হবে কি না, সে বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানালে পরে জানানো হবে।
তথ্য উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি হিসেবে রাশেদ খানের দেওয়া ব্যাখ্যাকে সরকারের অবস্থান হিসেবে বিবেচনা করা যায় কি না। সরকার এখন পর্যন্ত তার বক্তব্য প্রত্যাখ্যান বা খণ্ডন না করায় এ বিষয়ে সরকারের অবস্থান কী, তা-ও জানতে চান সাংবাদিকেরা।
জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমি এ ব্যাপারে মন্তব্য করছি না। কারণ, যিনি এটি করেছেন, তিনি তার ব্যাখ্যা একাধিকবার দিয়েছেন। তিনি সরকারি একটি পদে থাকা মানুষ। তার এই ব্যাখ্যা বারবার এসেছে। বিষয়টি নিয়ে সমাজেও আলোচনা হয়েছে।’
তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এলে সেটিই হবে সরকারের অবস্থান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


