যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৯ সালে ক্ষমতা ছাড়ার আগে তিনি কিউবার সরকার উৎখাতে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি ‘অবশ্যই বিবেচনা’ করবেন। কিউবা নিয়ে তিনি বলেন, ‘আমি ক্ষমতা ছাড়ার আগেই কিউবার বিষয়টি চূড়ান্ত করতে চাই।’
বৃহস্পতিবার রক্ষণশীল ধারার রেডিও উপস্থাপক ও সালেম নিউজ চ্যানেলের সাংবাদিক হিউ হিউইটের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, সামরিক হস্তক্ষেপের মাধ্যমে কিউবাকে ‘মুক্ত’ করার কথা তিনি ভাবছেন কি না।
জবাবে ট্রাম্প বলেন, ‘আমি ক্ষমতা ছাড়ার আগেই কিউবার বিষয়টি চূড়ান্ত করতে চাই।’ এ বিষয়ে তার প্রশাসন ‘খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে’ বলেও জানান তিনি।
কিউবাকে ‘কার্যত একটি ব্যর্থ দেশ’ বলে অভিহিত করেন তিনি।
রাজনৈতিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে এবারই প্রথম কোনো সময়সীমার কথা উল্লেখ করলেন ট্রাম্প।
ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যার বাবা-মা কিউবান বংশোদ্ভূত, তিনিও কিউবায় এমন পদক্ষেপ দেখতে চান।
ট্রাম্প বলেন, ‘আমি কিউবার জনগণের জন্য এমনটা করতে পারলে খুশি হব। বিশেষ করে যারা কিউবা ছেড়ে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং সেখানে অত্যন্ত খারাপ আচরণের শিকার হয়েছেন।’
তিনি আরো দাবি করেন, ফ্লোরিডায় কিউবান বংশোদ্ভূত ভোটারদের মধ্যে তিনি বিপুল ব্যবধানে জয় পেয়েছিলেন।
এরআগেও কিউবার সরকারকে উৎখাতে একাধিকবার হুমকি দিয়েছেন ট্রাম্প ।
সোমবার তিনি বলেন, ‘কিউবার পতন খুব শিগগিরই ঘটবে’ এবং যুক্তরাষ্ট্র মানবিক সহায়তার ভিত্তিতে দেশটিকে সহযোগিতা করবে।
গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর কিউবার ওপর কার্যত তেল অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে দ্বীপ দেশটিতে ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘অস্বাভাবিক ও অসাধারণ হুমকি’ হিসেবে ঘোষণা করে নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। পাশাপাশি কিউবায় জ্বালানি সরবরাহকারী যেকোনো দেশের পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকিও দেন তিনি।
যুক্তরাষ্ট্রের এই অবরোধের ফলে কিউবায় বারবার দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। দেখা দিয়েছে জ্বালানি ও খাদ্যসংকট। পরিস্থিতি ক্রমেই মানবিক সংকটের দিকে এগিয়েছে।
কিউবার কর্মকর্তারা মার্কিন পদক্ষেপকে ‘সমষ্টিগত শাস্তি’ বলে অভিহিত করেছেন।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




