বিনিয়োগের অর্থ যেন দুর্নীতিমুক্ত থাকে: উপদেষ্টা শারমীন মুরশিদ

বিনিয়োগের অর্থ যেন দুর্নীতিমুক্ত থাকে: উপদেষ্টা শারমীন মুরশিদ

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বিনিয়োগকৃত অর্থ যেন দুর্নীতিমুক্ত থাকে, তা নিশ্চিত করা জরুরি। এই অর্থের অপচয় হলে প্রান্তিক পর্যায়ের মানুষ তার সুফল থেকে বঞ্চিত হয়।

তিনি আরও বলেন, নারী অধিকার ও জেন্ডার সমতা একটি টেকসই সমাজের জন্য অপরিহার্য। এই নতুন প্রকল্পটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নারী অধিকার, জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিতকরণে নতুন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বগুড়ার জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু জেলায় একটি ২০০ শয্যার শিশু হাসপাতাল স্থাপনের দাবি জানান। তিনি বলেন, বগুড়ার শিশুরা নানা রোগে আক্রান্ত হলেও পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া শিশু সংগঠক আব্দুল খালেক একটি আধুনিক পার্কের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। উপদেষ্টা শারমীন এস. মুরশিদ তাদের কথা শোনেন এবং এই বিষয়গুলো সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

নারীর ক্ষমতায়ন, জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। লাইট হাউজ কনসোর্টিয়াম এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে অংশীদার হিসেবে থাকবে সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস) জয়পুরহাট, অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থা (এএমইউএস) যশোর এবং সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন সাতক্ষীরা।

‘নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা’ শীর্ষক এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং অধিকার আদায়ের সক্ষমতা বৃদ্ধি করা। এর মাধ্যমে জেন্ডার সহিংসতা প্রতিরোধ, জলবায়ু ঝুঁকির মোকাবিলা এবং বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা হবে।

বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প বগুড়াসহ সমগ্র বাংলাদেশে নারীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লাইট হাউজের নির্বাহী প্রধান মো. হারুন অর রশীদ, বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা এবং প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান। বাংলাদেশ সিভিক এ্যাঙ্গেজমেন্ট ফান্ডের ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন পিউ নাগরিকতা প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...