রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুরাইনের নবারুণ গলিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মিন্টু মাদারীপুর জেলার কালকিনী থানার চরফতে বাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদ-সংলগ্ন এলাকায় পরিবার নিয়ে ভাড়াবাসায় বসবাস করতেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মণ্ডল জানান, ‘আমরা ৯৯৯-এ খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করি এবং ডেড সার্টিফিকেটের জন্য রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি বেঁচে নেই। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ফেলে যায়।’
স্থানীয়দের জিজ্ঞাসা করেও এ ব্যাপারে কোনো কিছু জানতে পারিনি পুলিশ। নিহতের দুই পায়ের রগ কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
তিনি আরো জানান, ‘প্রাথমিক তদন্তে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
নিহত সুমনের বড় বোন সালমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, ‘সন্ধ্যায় পথচারীরা ফোন করে আমাদের জানান যে, আমার ভাইকে কে বা কারা মেরে ফেলে রেখে গেছে। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি ভাইয়ের এই অবস্থা।’
তিনি আরো বলেন, ‘গত কয়েক দিন ধরেই সুমন বেশ চুপচাপ থাকত। তার ভেতরে কোনো দুশ্চিন্তা কাজ করছিল কি না, তা আমরা বুঝতে পারিনি। তবে সে মাঝেমধ্যে বলত— আমাকে মেরে ফেলবে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


