পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬, আহত ২

পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬, আহত ২

পাবনার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো দুজন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের গোপীনাথপুর এলাকার বিলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি মো. তারিকুল ইসলাম।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিরা হলেন- মালঞ্চির ভাই ভাই মোড় এলাকার শাহাবুলের ছেলে আবদুল্লাহ (২১), নলমুড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রব্বেল (২২), গজমতি গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২), একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০) ও ইবাদুলের ছেলে ইমন (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ছুটির দিন হওয়ায় জুমার নামাজের পর মালঞ্চির বিভিন্ন এলাকার কয়েকজন তরুণ ও শিশু সোনাপাতিল বিলের গোপীনাথপুর অংশে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে তাঁরা বিলের একটি ছাউনিতে আশ্রয় নেন। পরে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। অন্য দুজন গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। বিলের ওই অংশ দুর্গম হওয়ায় বৃষ্টি থামার বেশ কিছু সময় পর বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। পরে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, একই সঙ্গে ছয়জন নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তারা মাছ ধরতে ওই বিলে গিয়েছিল। হঠাৎ বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। কয়েকজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছিল, পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...