গুলিস্তানে ফুটপাতের শতাধিক দোকান উচ্ছেদ

গুলিস্তানে ফুটপাতের শতাধিক দোকান উচ্ছেদ

রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট-সংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বিজ্ঞাপন

নিয়ম ভেঙে পুনরায় সড়ক ও ফুটপাত দখল করলে মালামাল জব্দের পাশাপাশি হকারদের গ্রেপ্তারের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে পে-লোডারসহ ভারী যন্ত্রপাতি দিয়ে অবৈধ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। সিটি করপোরেশনের শতাধিক উচ্ছেদকর্মী এবং ছয় প্লাটুন পুলিশ অভিযানে অংশ নেয়।

সরেজমিনে অভিযান পরিদর্শনে গিয়ে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে, তারা কেবল সেখানেই বসতে পারবেন। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তা সম্পূর্ণ পরিষ্কার রাখা হবে এবং মূল রাস্তায় কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।’

হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক ও সতর্ক করার পরও তারা পুনরায় ফুটপাত দখল করছেন অভিযোগ করে প্রশাসক বলেন, ‘উচ্ছেদের পরও পুনরায় বসে পড়ায় এখন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। নিয়ম অমান্য করে বসলে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তার করা হবে।’

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...