নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

গাজীপুর শহরের কোলাহল থেকে কিছুটা দূরে নোয়াগাঁও এলাকায় অবস্থিত ঐতিহাসিক ভাওয়াল রাজবাগান। একসময় ভাওয়াল জমিদারদের বিনোদন ও অবকাশযাপনের অন্যতম স্থান ছিল এই বাগান। প্রায় ১৯ একর জায়গাজুড়ে বিস্তৃত রাজবাগানটি আজ নানা কারণে তার পুরোনো জৌলুস হারিয়েছে। তবু সবুজ বৃক্ষরাজি, পুকুর, পাখির কলকাকলি আর নিস্তব্ধ প্রকৃতির মাঝে এখনো এর রয়েছে এক অনন্য সৌন্দর্য।

এই রাজবাগানের পরিবেশে চোখে পড়ে ছোট্ট একটি মসজিদ। আকারে ছোট হলেও ধর্মীয় গুরুত্ব ও স্বতন্ত্র নির্মাণশৈলীর কারণে এটি বিশেষভাবে নজর কাড়ে। মসজিদটির নির্মাণশৈলী বেশ সাধারণ। মাটির নির্মাণের এই ছোট্ট মসজিদে রয়েছে নামাজ আদায়ের সীমিত ব্যবস্থা। মূল মসজিদের ভেতরে পাশাপাশি দুই কাতারে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন। প্রতিটি কাতারে আটজন করে মোট ১৬ জন মুসল্লির নামাজের ব্যবস্থা রয়েছে। এর সঙ্গে রয়েছে ছোট্ট একটি বারান্দা। বারান্দায় আরো এক কাতারে আটজন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। অর্থাৎ মূল মসজিদ ও বারান্দা মিলিয়ে একসঙ্গে মোট ২৪ জন মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবেন।

বিজ্ঞাপন

আধুনিক স্থাপত্যের চাকচিক্য কিংবা বিশাল আয়তন নেই মসজিদটির। নেই বাহারি নকশা ও দৃষ্টিনন্দন অলংকরণ। কিন্তু এর সরল নির্মাণশৈলী এবং নিরিবিলি পরিবেশ একধরনের প্রশান্তির অনুভূতি জাগায়। চারপাশের সবুজ প্রকৃতি যেন মসজিদটিকে ঘিরে রেখেছে আপন মমতায়। ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে এখানে দাঁড়িয়ে নামাজ আদায়ের মধ্যে রয়েছে এক ভিন্ন আবহ।

একসময় ভাওয়াল রাজবাগান ছিল প্রকৃতিপ্রেমী মানুষের অবকাশযাপনের জায়গা। বাগানের চারপাশে জলাশয়, বিভিন্ন প্রজাতির গাছপালা এবং পাখির আনাগোনা পরিবেশটিকে করে তুলত মনোরম। রাজবাগানের সার্বিক সৌন্দর্য ও ঐতিহ্যের পাশাপাশি এই ছোট্ট মসজিদটিও হতে পারে দর্শনার্থীদের আগ্রহের একটি বিষয়। বিশেষ করে ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় স্থাপনা নিয়ে যাদের আগ্রহ রয়েছে, তাদের কাছে এটি আলাদা গুরুত্ব বহন করতে পারে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজবাগানের বিভিন্ন স্থাপনার মতো এই মসজিদটিরও প্রয়োজন নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ। মসজিদের চারপাশ পরিষ্কার রাখা, প্রয়োজনীয় সংস্কার করা এবং সীমানা নির্ধারণের মাধ্যমে এর পরিবেশ আরো সুন্দর ও নিরাপদ করা যেতে পারে। পাশাপাশি রাজবাগানের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় মসজিদটির স্বতন্ত্র পরিচয় ও ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ণ রাখা জরুরি।

ভাওয়াল রাজবাগান শুধু একটি পুরোনো বাগান নয়; এটি ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির সম্মিলিত স্মারক। আর সেই স্মারকের নীরব কোণে দাঁড়িয়ে থাকা ছোট্ট মসজিদটি যেন প্রকৃতির বুকের এক শান্ত আশ্রয়। যথাযথ সংরক্ষণ ও পরিচর্যা পেলে এই মসজিদ ও রাজবাগান—দুটিই ফিরে পেতে পারে হারানো সৌন্দর্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...