ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

সময়ের চাকা কখনো কারো জন্য থেমে থাকে না। জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ ছুটে চলে নতুন কিছু পাওয়ার আশায়। কেউ ছুটছেন জীবিকার সন্ধানে, কেউ ক্যারিয়ার গড়ার প্রতিযোগিতায়, আবার কেউ সম্পদ ও সাফল্যের পেছনে। আধুনিক জীবনের এই অবিরাম ছুটে চলায় মানুষের হাতে এসেছে প্রযুক্তি, বেড়েছে সুযোগ-সুবিধা, প্রসারিত হয়েছে ব্যস্ততার পরিধি। কিন্তু এই ব্যস্ততার ভিড়ে ক্রমেই সংকুচিত হয়েছে ইবাদতের পরিধি, ভুলে যাচ্ছে মানুষ স্রষ্টার স্মরণ। জীবনের হিসাব মেলাতে গিয়ে অনেকের জীবন থেকেই যেন হারিয়ে যাচ্ছে সিজদার মুহূর্ত। মহান আল্লাহতায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘কখনোই নয়, আপনি কাফেরদের আনুগত্য করবেন না; বরং আপনি সিজদা করুন এবং আল্লাহর নৈকট্য অর্জন করুন।’ (সুরা আলাক : ১৯) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদারত থাকে। সুতরাং তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো।’ (মুসলিম : ৪৮২)

বিজ্ঞাপন

ইসলামে নামাজ শুধু একটি আনুষ্ঠানিক ইবাদত নয়; বরং এটি মুমিনের জীবনের অন্যতম ভিত্তি এবং বান্দার সঙ্গে স্রষ্টার সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।’ (সুরা নিসা : ১০৩) অথচ বাস্তব জীবনে দেখা যায়, অনেকেই কাজের ব্যস্ততা, পড়াশোনার চাপ কিংবা ব্যক্তিগত ব্যস্ততায় নামাজকে এড়িয়ে চলেন। কখনো পরে পড়বেন ভেবে সময় পার করে দেন, আবার কখনো সেই সাময়িক অবহেলা ধীরে ধীরে উদাসীনতায় রূপ নেয়।

বর্তমান সময়ে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অবসর সময়ের বড় একটি অংশ ব্যয় হচ্ছে মোবাইলের পর্দায়। ঘণ্টার পর ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে কাটলেও নামাজের সময় হলে পাঁচ কিংবা দশ মিনিট সময় বের করতে অনীহা দেখা যায়। অথচ অবসর সময়ে বিনোদন, আড্ডা কিংবা অর্থহীন কাজে অনেক সময় ব্যয় হয়। প্রশ্ন জাগে, যে জীবনে আমরা দুনিয়ার প্রাপ্তির জন্য এত সময় ব্যয় করছি, সেই জীবনের প্রকৃত মালিকের জন্য কতটুকু সময় রাখছি? পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘সুতরাং দুর্ভোগ সেসব নামাজির জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন।’ (সুরা মাউন : ৪-৫)

নামাজ মানুষকে অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে।’ (সুরা আনকাবুত : ৪৫) সিজদা একজন মানুষকে বিনয়ী, তাকওয়াবান ও আত্মসংযমী করে তোলে। নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে একজন ব্যক্তি উপলব্ধি করতে পারেন, বান্দা ও আল্লাহর মধ্যকার সম্পর্ক কত গভীর এবং তিনিই সবকিছুর মালিক। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে, তা হলো নামাজ।’ (আবু দাউদ : ৮৬৪; তিরমিজি : ৪১৩) এ থেকে বোঝা যায়, দুনিয়ার পেছনে আমরা যতই ছুটি না কেন, পরকালে নামাজের গুরুত্ব অপরিসীম।

তবে জীবিকা অর্জন, পড়াশোনা, পরিবার ও অন্যান্য সামাজিক দায়িত্ব পালন মানুষের জীবনের অপরিহার্য অংশ। ইসলাম এসব দায়িত্ব পালনে কখনোই নিরুৎসাহিত করে না। বরং হালাল উপার্জন, জ্ঞানার্জন ও মানুষের কল্যাণে কাজ করাকেও ইবাদত হিসেবে গণ্য করা হয়। কিন্তু কোনো ব্যস্ততাই যেন ফরজ ইবাদত থেকে দূরে সরিয়ে না রাখে। রাসুলুল্লাহ (সা.) নামাজের গুরুত্ব বোঝাতে বলেছেন, ‘নিশ্চয়ই মানুষ এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা।’ (মুসলিম : ৮২)

মানুষের জীবনে ব্যস্ততার শেষ হবে না। দিনশেষে আমাদের সবাইকে একদিন দুনিয়া ছেড়ে পরকালীন জগতে চলে যেতে হবে। তখন দুনিয়ার এই ব্যস্ততা, অর্জন কিংবা প্রাপ্তির কিছুই সঙ্গে যাবে না; সঙ্গে যাবে শুধু আমল। তাই সময় থাকতে আমাদের ফিরে আসতে হবে সিজদার ছায়াতলে। ব্যস্ততার গোলকধাঁধায় হারিয়ে যাওয়া সিজদা ফিরে পাক আমাদের জীবনে তার যথার্থ স্থান।

লেখক : শিক্ষার্থী, আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...