জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের প্রথম জয়

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের প্রথম জয়

আইসিসি ইমার্জিং নেশন্স ট্রফিতে বাংলাদেশের শুরুটা ছিল বেশ হতাশার। পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে কোনো পাত্তাই পায়নি নাহিদা আক্তারের দল। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগ্রেসরা। জিম্বাবুয়েকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে তারা।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের আজমানে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন চিপো মুগেরি-তিরিপানো। অধিনায়ক জোসেফিন এনকোমো ২৯ বলে ৩৫ রান এবং কেলিস এনধলোভ ২৬ বলে ২২ রান করেন।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন রাবেয়া খান। দিশা বিশ্বাস নেন ২ উইকেট।

১৩২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই বড় সংগ্রহ পায় বাংলাদেশ। সাথী রানী ৪৩ বলে ৬টি চারের সাহায্যে ৪৫ রান করেন। দলীয় ১০৪ রানে সাথী ফিরে গেলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দিলারা আক্তার।

৪৯ বলে ৮ চারে ৬৮ রান করেন দিলারা। তার অনবদ্য ব্যাটিংয়েই ১৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শারমিন আক্তার ৬ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...