সাফ চ্যাম্পিয়নশিপ

শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপ-সেরা বাংলাদেশ

শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপ-সেরা বাংলাদেশ

হামজা চৌধুরী আসার পর বাংলাদেশ দল কতটা বদলে গেছে, সেটি দেখা গেল আজ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। এই ম্যাচে হামজার নেতৃত্বে মাঠে দেখা যায় অন্য এক বাংলাদেশকে। প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত একই গতিতে খেলেছে বাংলাদেশ। বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবলের সামনে কোণঠাসা ছিল বংশোদ্ভুত ফুটবলারে ঠাসা শ্রীলংকা। সাফের শুরুতে যে দাপুটে বাংলাদেশের ছবিটা দেখতে চেয়েছিলেন দর্শকরা, জাতীয় স্টেডিয়ামে সেই ছবিটাই আঁকলেন হামজা-ফারহানরা। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলে জিতল বাংলাদেশ। তবে স্কোরলাইনটা আরো বড় হতে পারত। যদি না গোলের অসংখ্য সুযোগ মিস হতো। স্কোর লাইন ম্যাচের সব কথা বলছে না। যে ধারার ফুটবল খেললেন হামজারা, এমন বাংলাদেশকে আগে কখন দেখা গিয়েছিল, সেটি খুঁজে বের করা গবেষণার বিষয়। দুর্দান্ত জয়ে গ্রুপসেরা হয়েই সাফের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে দুই ম্যাচ খেলে প্রতিটি জিতে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ১৪ নভেম্বর হবে দুদলের সেমিফাইনাল ম্যাচটি।

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের প্রথম পর্ব হামজাময়। আর দ্বিতীয় পর্বটি ছিল ফারহানময়। আজ দুজনই বাংলাদেশের জার্সিতে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেললেন। দর্শক প্রত্যাশার প্রতিদান দিলেন দুজনই। প্রথমার্ধে চারটি সুযোগ হাতছাড়া হওয়ার পর গোলের দেখা পান হামজা। আর বিরতির পর তিনজনকে কাটিয়ে জাদুকরি এক গোল উপহার দেন ফারহান আলী ওয়াহিদ। এই দুইজনের স্মরণীয় ম্যাচে গোল করে আনন্দের মাত্রা বাড়িয়ে দেন শমিত সোম ও রাকিব হোসেন। বিরতির আগে বাংলাদেশের প্রতিটি আক্রমণেই নেতৃত্ব দেন হামজা চৌধুরী। ৫, ৭, ১৫ ও ২৫ মিনিটে চারবার সুযোগ হাতছাড়া হয় তার। অবশেষে ৪৫ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে পান বাংলাদেশ অধিনায়ক। ইব্রাহিমের পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষ গোলরক্ষক ও দুই খেলোয়াড়কে ব্যর্থ করে হামজা ডানপায়ের জোড়ালো শটে জড়িয়ে দেন জালে। হামজার গোলের পরই উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। এর আগে পাঁচ মিনিটে হামজাকে উদ্দেশ্যে করে ক্রস দিয়েছিলেন রাকিব। কিন্তু হেডের চেষ্টা করেও বলের নাগাল পাননি হামজা। তবে বক্সের বাইরে রাকিবকে ফাউল করলে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া সেই ফ্রি কিকে বল উড়ে যায় গোলপোস্টের উপর দিয়ে। ৭ মিনিটে আবারও ডান দিক থেকে ক্রস দেন রাকিব। কিন্তু অল্পের জন্য মাথা ছোঁয়াতে পারেননি হামজা। এমন সময় আনন্দের উপলক্ষ এনে দেন শমিত। ৮ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় বাংলাদেশ। হামজার দুর্দান্ত ক্রস ফিস্ট করেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। তবে ঠিক-ঠাক মতো করতে পারেননি। বক্সের মধ্যে বল পেয়ে জোড়ালো শট নেন শমিত। প্রথম প্রচেষ্টায় প্রতিপক্ষের খেলোয়াড় গায়ে লেগে বল ফিরে আসে। ফিরতি বলে নিখুঁত শটে গোল করেন শমিত। এরপর ১৫ মিনিটে আক্রমণে যায় বাংলাদেশ। ডান দিক থেকে ক্রস দেন রাকিব। বল ক্লিয়ার করার চেষ্টা করেন লংকান গোলরক্ষক পেরেরা। কর্নার পায় বাংলাদেশ। ফরহানের নেওয়া কর্নারে গোলের সুযোগ তৈরি হয়। জটলতার মধ্য থেকে বল পেয়ে যান হামজা। তার শটে বল চলে যায় গোলপোস্ট ঘেঁষে। ২৫ মিনিটে গোলমুখে হামজার দিকে বল বাড়িয়ে দেন রাকিব। গোলরক্ষক এগিয়ে এলে ও প্রতিপক্ষ খেলোয়াড়ের বাধায় গোল পাননি হামজা। দারুণ দক্ষতায় ব্যাক হিলে গোল করার চেষ্টা করেন এই মিডফিল্ডার। কিন্তু ভাগ্য সহায় হয়নি। তবে বিরতির আগেই গোল আনন্দে মাতালেন হামজা।

বিজ্ঞাপন

৫৩ মিনিটে ফারহানের পায়ে দেখা গেল জাদুকরি গোল। বাম দিক থেকে বক্সের একটু বাইরে বল পেয়ে যান এই উইঙ্গার। এরপর একটু একটু করে বক্সের মধ্যে প্রবেশ করে তিনজনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল উপহার দেন এই ১৯ বছর বয়সী তরুণ। ফারহানের অসাধারণ গোলটি বারবার মনে করিয়ে দিচ্ছিল লিওনেল মেসিকে। যে গোলটি করলেন ফারহান, এমন গোল শুধু মেসির পায়েই সম্ভব। ফারহানকে বাংলাদেশের মেসি বলাই যায়। ফারহানের গোলের পর ৫৬ মিনিটে কাজেম শাহর শট রুখে দেন শ্রীলংকার গোলরক্ষক। ৬৫ মিনিটে ইব্রাহিমকে পাস দিয়েছেন শমিত। তবে গোল করতে পারেননি ইব্রাহিম। কিছুটা এগিয়ে এসে বল গ্রিপে নেন লংকান গোলরক্ষক পেরেরা। বদলি হিসেবে নেমে ৬৯ মিনিটে গোলের সুযোগ তৈরি করেন সুকি। কিন্তু তার নেওয়া শটে গোলরক্ষকের গায়ে লেগে বল দিক পরিবর্তন করে। ৭১ মিনিটে ফাহিম একক প্রচেষ্টায় ডান দিকে আক্রমণে যান। গোলরক্ষকের বাধায় সফল হননি। ৮৫ মিনিটে ডানদিক থেকে কয়েকজনকে কাটিয়ে গোলমুখে গিয়ে শট নেন সুকি। কিন্তু গোল হয়নি। ৮৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করেন রাকিব। শেষ মুহূর্তে জামালের নেওয়া শটে গোল হতে পারত। অনেক সুযোগ মিস হলেও এই বাংলাদেশকেই দেখতে চায় সবাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...