জয়ের ধারায় যেন বিরতি নেই স্পেনের। নেশনস লিগে চেক প্রজাতন্ত্রকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি স্পেনের টানা ১২তম জয়। অপরাজিত থাকার ধারাও বেড়ে দাঁড়িয়েছে ৪৩ ম্যাচে।
ইপেট অ্যারেনায় ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন আলেক্স বায়েনা। চেকের লুকাস আমব্রোসের হাতে বল লাগার পর ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়রেমি পিনো ব্যবধান বাড়ালেও ভিএআরে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে চেক প্রজাতন্ত্র। ৫৬ মিনিটে লাদিস্লাভ ক্রেইচির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়, ৬৮ মিনিটে আদাম হলোজেকের হেড লাগে ক্রসবারে। তবে ৭২ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন ক্রেইচি। ফলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকেরা।
যোগ করা সময়ের শেষ মিনিটে বদলি হিসেবে নামা মার্ক পুবিল গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন। জাতীয় দলের হয়ে এটি তাঁর দ্বিতীয় গোল।
পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে স্পেন। একই গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইংল্যান্ড, তিন পয়েন্ট নিয়ে তৃতীয় ক্রোয়েশিয়া। চেক প্রজাতন্ত্র এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। গ্রুপের শেষ ম্যাচে রোববার মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

