হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে সমুদ্র মাইনের আঘাতে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসিৃ) নৌবাহিনী।
আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বারবার সতর্ক করা সত্ত্বেও জাহাজটি হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের একটি অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ সময় সেটি একটি নৌ-মাইনের আঘাতে পড়ে এবং এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
বিবৃতিতে আরো বলা হয়, এর আগে একই ধরনের ঘটনায় বিস্ফোরিত হওয়া তেলবাহী ট্যাংকারগুলোর পরিণতি থেকেও জাহাজটি শিক্ষা নেয়নি। বরং মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তা পাবে—এমন ধারণার ওপর নির্ভর করেই এটি প্রণালি অতিক্রমের চেষ্টা করে।
আইআরজিসি নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালিতে পূর্ণ দৃঢ়তা ও কঠোরতার সঙ্গে তাদের নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ইরানের নির্ধারিত নিয়মকানুন অমান্য করে এবং সতর্কবার্তা উপেক্ষা করে কোনো জাহাজ অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ পথে প্রবেশ করলে তাকেও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



