ইরাকের সাবেক সংসদ সদস্য (এমপি) আহমেদ আল-আলওয়ানিকে হত্যার ঘটনায় দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তার করে হস্তান্তরের জন্য সিরিয়ার কাছে অনুরোধ জানিয়েছে পশ্চিমা সমর্থিত লেবানন সরকার। বৈরুতের একটি বাসা থেকে চলতি সপ্তাহের শুরুতে আল-আলওয়ানির লাশ উদ্ধারের পর এ অনুরোধ জানানো হয়। প্রাথমিক তদন্তে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার পেছনের কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লেবাননের একটি বিচার বিভাগীয় সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, লেবাননের পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের তদন্তকারীরা দামেস্কের কাছে দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তার করে হস্তান্তরের অনুরোধ জানিয়েছেন। তাদের বিরুদ্ধে আল-আলওয়ানিকে হত্যায় জড়িত থাকার সন্দেহ রয়েছে।
তবে ওই দুই সন্দেহভাজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা। এ ঘটনায় এক লেবানিজ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির প্রধান কৌঁসুলি বিচারক আহমেদ রামি আল-হাজ্জ নিজে এই হত্যার তদন্ত তদারক করছেন। লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর তথ্য শাখা তদন্তটি পরিচালনা করছে।
লেবাননের পাবলিক প্রসিকিউটরের গণমাধ্যম কার্যালয় আরো জানিয়েছে, পৃথক একটি ঘটনায় দেশটির উত্তরাঞ্চলের বাতরুন পার্বত্য এলাকায় গ্রেপ্তার হওয়া হিজবুল্লাহর পাঁচ সদস্যকে নিয়েও তদন্ত করছে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর তথ্য শাখা।
হত্যার কারণ অনুসন্ধান
আল-আলওয়ানিকে হত্যার সম্ভাব্য কারণ অনুসন্ধান করছেন তদন্তকারীরা। তবে প্রাথমিক তদন্তে আর্থিক লেনদেনের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে বলে এএফপিকে জানিয়েছেন কয়েকটি সূত্র। হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লেবাননের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বৈরুতের তারিক আল-জাদিদেহ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে আল-আলওয়ানির লাশ উদ্ধার করা হয়।
ইরাকের নিরাপত্তা গণমাধ্যম সেলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাদ মান আল-আলওয়ানির হত্যার তদন্তের বিষয়ে লেবাননে খোঁজখবর রাখছেন। তিনি ইরাকের সংবাদ সংস্থা আইএনএকে জানান, গত ৫ নভেম্বর সন্ধ্যায় ইরাকের এরবিল বিমানবন্দর থেকে মিডল ইস্ট এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৈরুতে পৌঁছান আল-আলওয়ানি। পরে তাকে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়।
সাদ মান জানান, হোটেলে কক্ষে ওঠার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বেরিয়ে যান আল-আলওয়ানি। এ সময় তিনি হোটেলের অভ্যর্থনাকর্মীদের জানান, বন্ধুদের সঙ্গে বাইরে যাচ্ছেন।
হোটেলের কর্মীরা তদন্তকারীদের জানিয়েছেন, আল-আলওয়ানির সঙ্গে থাকা ব্যক্তিরা সিরীয় উচ্চারণে কথা বলছিলেন। সাদ মানের ভাষ্য অনুযায়ী, একটি সাদা রঙের রেঞ্জ রোভার গাড়িতে করে হোটেল ছাড়েন আল-আলওয়ানি। এরপর ইরাকে থাকা স্বজনদের সঙ্গে দুবার ফোনে কথা বলেন তিনি। পরে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
এক দশকের বেশি কারাবাস
ইরাকের সুন্নি অধ্যুষিত আনবার প্রদেশের রাজধানী রামাদির বাসিন্দা ছিলেন আহমেদ আল-আলওয়ানি। তিনি ইরাকের পার্লামেন্টে আনবার প্রদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। ২০১২ ও ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সময় তিনি পরিচিতি পান। সমালোচকদের অভিযোগ ছিল, মালিকির সরকার সাম্প্রদায়িক নীতি অনুসরণ করে সুন্নিদের প্রান্তিক করে রেখেছিল।
আল-আলওয়ানি ইরাকে ইরানের প্রভাব এবং ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডেরও কড়া সমালোচক ছিলেন।
২০১৩ সালের ডিসেম্বরে রামাদিতে তার বাড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে তার ভাইসহ আরো কয়েকজন নিহত হন। পরে ২০১৪ সালে ‘সন্ত্রাসবাদ’ সংশ্লিষ্ট অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে এক দশকের বেশি সময় কারাগারে থাকার পর ২০২৫ সালের এপ্রিলে ইরাকের সাধারণ ক্ষমা আইনের আওতায় তিনি মুক্তি পান।
আল-আলওয়ানির হত্যার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি। বুধবার তুরস্কে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে বৈঠকের পর তিনি এ আহ্বান জানান।
এদিকে লেবাননে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা আল-হুসেইনি মঙ্গলবার জানিয়েছেন, ইরাকি দূতাবাস ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অপরাধের পরিস্থিতি ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনে লেবাননের নিরাপত্তা সংস্থাগুলোর চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে দূতাবাস।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



