আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেট থেকেও সরে দাঁড়াচ্ছেন ৩৮ বছর বয়সি এই ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার খেলা চালিয়ে যাবেন অস্ট্রেলিয়ান এ ক্রিকেট কিংবদন্তি।

দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার জার্সিতে তিন ফরম্যাটেই নিজের সাফল্যের স্বাক্ষর রেখেছেন ম্যাক্সওয়েল। ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে তার বিধ্বংসী ব্যাটিং ও কার্যকরী স্পিন বোলিং অজিদের বহু ম্যাচ জিতিয়েছে।

বিজ্ঞাপন

ক্যারিয়ারের শেষ অধ্যায় নিয়ে ম্যাক্সওয়েল ‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে জানান, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা এবং ভবিষ্যতের কথা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার বিষয়টিকেও তিনি সম্মান জানিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটিই ছিল অস্ট্রেলিয়ার জার্সিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। গত বছর জুনে তিনি ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন।

টি-টোয়েন্টিতে দেশের জার্সিতে বিদায়ী ম্যাচ খেলতে না পারায় ম্যাক্সওয়েল আক্ষেপ করে বলেন, ‘হিরো বা আইডলদের ক্ষেত্রে যেমন রূপকথার মতো শেষ হতে দেখা যায়, হয়তো মনের অজান্তে আমার মাথায়ও তেমন একটা ভাবনা এসেছিল। ১৫ বছর ধরে এই সংস্করণকে যেহেতু নিজের মনে হয়েছে, তাই অন্য কোনো সংস্করণে নয়, শুধু এটার জন্যই হয়তো আমি এমন একটা বিদায়ের কথা ভেবেছিলাম। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) একটা বিদায়ী ম্যাচ খেলার ছোট্ট আশা বা আলোচনা ছিল। তবে এই দলটা যে পথ ধরে এগোচ্ছে, তা আমি বুঝতে পারছি।’

টি-টোয়েন্টিতে ১৩০ ম্যাচে ২,৮৯৭ রানের সঙ্গে উইকেট নিয়েছেন ৫১টি। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে তার ৫টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে, যা ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্বরেকর্ড।

একদিনের ক্রিকেটে ১৪৯ ম্যাচে ৩,৯৯০ রান তোলে পেয়েছেন ৭৯ উইকেট। ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা ইনিংস অপরাজিত ২০১ রানের। যা ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হাঁকিয়েছিলেন।

২০১৭ সাল পর্যন্ত ৭টি টেস্টে ৩৩৯ রান করেছেন ম্যাক্সওয়েল, যার মধ্যে ভারতের বিপক্ষে ১০৪ রানের একটি সেঞ্চুরি রয়েছে।

আন্তর্জাতিক আঙিনাকে বিদায় জানালেও ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে এখনো দেখা যাবে। বিশেষ করে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের সঙ্গে তার ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত চুক্তি রয়েছে, যেখানে তিনি অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে যাবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন